সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
জিয়ানগরে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ
হোম » পিরোজপুর » জিয়ানগরে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের জিয়ানগরে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে বসতঘর থেকে নগদ ৭০ হাজার টাকা ও সোনার কানের দুলসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। রবিবার (২৩ আগস্ট) ভোরে উপজেলার চাড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন- ব্যবসায়ী আমির হোসেন (৪৫), তাঁর স্ত্রী মাহিনুর বেগম (৪০) ও ছেলে তাওহীদ (১৬)। বর্তমানে তাঁরা পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর দীর্ঘ সময় তাঁরা অচেতন ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে একটি ট্রাংকের তালা খুলে নগদ ৭০ হাজার টাকা ও মাহিনুর বেগমের সোনার কানের দুলসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।
প্রতিবেশীরা জানান, সকালে পরিবারের সদস্যদের ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তাঁরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় আমির হোসেন, মাহিনুর বেগম ও তাওহীদকে ঘরের বিভিন্ন স্থানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁদের জাগানোর চেষ্টা করা হলেও তাঁরা ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না। পরে তাঁদের পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আমির হোসেনের বড় ছেলে মিরাজ জানান, সকালে গ্রামের প্রতিবেশীদের ফোনে তিনি ঘটনাটি জানতে পারেন। তাঁর বাবা, মা ও ছোট ভাই বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘরে থাকা নগদ টাকা ও মায়ের সোনার কানের দুলসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, খবর পাওয়ার পর ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২:১৪:২৫ ● ২৬ বার পঠিত
