রবিবার ● ২৩ আগস্ট ২০২৬

বাগেরহাটে হাঁস যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

হোম » খুলনা » বাগেরহাটে হাঁস যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধ নিহত
রবিবার ● ২৩ আগস্ট ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের কচুয়া উপজেলায় প্রতিবেশীর বাড়িতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে বেদার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।

 

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর ভান্ডারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বেদার মল্লিক ওই গ্রামের মৃত গোলাম হোসেন মল্লিকের ছেলে।

 

আহতরা হলেন- বেদার মল্লিকের স্ত্রী হালিমা বেগম (৫৮), ছেলে কাইয়ুম মল্লিক (২৬) ও পুত্রবধূ সুমি বেগম (২১)। তাঁদের মধ্যে কাইয়ুম মল্লিক কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী কাউসারের স্ত্রী রেহানার একটি হাঁস বেদার মল্লিকের বাড়িতে চলে যায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বেদার মল্লিকসহ তাঁর পরিবারের চারজন গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেদার মল্লিককে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। তাঁরা হলেন- নিহতের ভাইঝি ফাতেমা বেগম (৪৫), তাঁর দুই ছেলে রমজান (২৩) ও আব্দুল্লাহ (১৫) এবং রমজানের স্ত্রী লামিয়া (১৯)।

 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন বলেন, একটি হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:২৯ ● ৩২ বার পঠিত