শনিবার ● ২২ আগস্ট ২০২৬

কয়রায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

হোম » কৃষি » কয়রায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
শনিবার ● ২২ আগস্ট ২০২৬


 

কয়রায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রা উপজেলায় জমিতে ধান রোপণের সময় বজ্রপাতে মো. হারুন সানা (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার আমাদী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন সানা ওই গ্রামের মো. বারিক সানার ছেলে।

 

স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির মধ্যে নিজের জমিতে ধান রোপণের কাজ করছিলেন হারুন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এদিকে, ঘটনার পর সরকারি উদ্যোগে স্থাপন করা বজ্রনিরোধক দণ্ডের (লাইটনিং অ্যারেস্টার) কার্যকারিতা ও মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ইউনিয়ন পরিষদের সমন্বয়ে প্রতিবছর এসব বজ্রনিরোধক দণ্ড স্থাপনে অর্থ ব্যয় করা হলেও মাঠপর্যায়ে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে।

 

স্থানীয় কৃষকদের দাবি, বজ্রপাতের সময় খোলা মাঠে কৃষকদের জীবন সুরক্ষায় এসব প্রকল্পের মান ও কার্যকারিতা যথাযথভাবে যাচাই, তদন্ত ও তদারকি করা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২০:১৪:৫৫ ● ৩২ বার পঠিত