সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
বরগুনার পায়রা নদীতে ভেসে উঠল জুঁইয়ের মরদেহ, স্বজনদের আহাজারি
হোম » বরগুনা » বরগুনার পায়রা নদীতে ভেসে উঠল জুঁইয়ের মরদেহ, স্বজনদের আহাজারি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৩৩ ঘণ্টা পর জুঁই (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকার নলবুনিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন পায়রা নদী থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন। পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে জুঁইয়ের মরদেহ শনাক্ত করেন।
জুঁই রাজধানীর মিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা মো. জনির মেয়ে। ছুটি কাটাতে সম্প্রতি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) সকালে স্বজনদের সঙ্গে পায়রা নদীতে গোসল করতে নামে জুঁই। সাঁতার না জানায় জোয়ারের তীব্র স্রোতে একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। স্বজন ও স্থানীয়রা নদীতে নেমে এবং জাল টেনে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।
সোমবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার স্থান থেকে কিছুটা দূরে জয়ালভাঙা এলাকায় নদীর পানিতে জুঁইয়ের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা মরদেহটি উদ্ধার করে স্বজনদের খবর দেন। মরদেহ উদ্ধারের খবর পেয়ে নদীর পাড়ে ছুটে আসেন স্বজনেরা। জুঁইয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৪১:১৫ ● ৩৪ বার পঠিত
