শনিবার ● ১৫ আগস্ট ২০২৬

বাবুগঞ্জে প্রকাশ্যে আ.লীগের শোক কর্মসূচি, দুই বছর পর দেখা মিলল সভাপতির

হোম » রাজনীতি » বাবুগঞ্জে প্রকাশ্যে আ.লীগের শোক কর্মসূচি, দুই বছর পর দেখা মিলল সভাপতির
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬


 

বাবুগঞ্জে প্রকাশ্যে আ.লীগের শোক কর্মসূচি, দুই বছর পর দেখা মিলল সভাপতির

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশালের বাবুগঞ্জে শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নামে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিওতে প্রায় দুই বছর আত্মগোপনে থাকা বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপনকে নেতাকর্মীদের সঙ্গে শোক র‌্যালিতে অংশ নিতে এবং নেতৃত্ব দিতে দেখা গেছে।

 

শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি শোক র‌্যালিতে অংশ নিচ্ছেন। র‌্যালিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপনকে নেতাকর্মীদের সঙ্গে সামনের সারিতে দেখা যায়। পরে একটি স্থানে আওয়ামী লীগের ব্যানার টানিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

আলোচনা সভায় বক্তারা শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন, আদর্শ ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ঘটনাও স্মরণ করা হয়। পরে শেখ মুজিবুর রহমানসহ ওই ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলো বাবুগঞ্জের ঠিক কোন স্থানে, কখন এবং কার উদ্যোগে ধারণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। একটি অসমর্থিত তথ্য অনুযায়ী, কর্মসূচিটি বাবুগঞ্জ উপজেলা সদরসংলগ্ন খানপুরা এলাকায় অনুষ্ঠিত হয়ে থাকতে পারে।

 

কর্মসূচির আয়োজকদের পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। ছবি ও ভিডিওতে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

 

এদিকে রাজনৈতিক কার্যক্রমের ওপর সরকারি নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ বহাল থাকার মধ্যে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নামে প্রকাশ্য শোক কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে এমন কর্মসূচি কীভাবে অনুষ্ঠিত হলো, তা নিয়েও স্থানীয়দের কেউ কেউ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর সরকারি নিষেধাজ্ঞা ও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। এরপর দলটির নেতাকর্মীদের প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড অনেকটাই সীমিত হয়ে পড়ে। এর মধ্যেই বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নামে ১৫ আগস্ট উপলক্ষে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সরদার খালেদ হোসেন স্বপনও আত্মগোপনে চলে যান। দীর্ঘ সময়ে তিনি সরাসরি কোনো রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত না থাকলেও বিভিন্ন সময়ে ভিডিও বার্তা কিংবা ভিডিও কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন।

 

তবে প্রায় দুই বছর পর এবারই প্রথম তাকে সরাসরি কোনো কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত হতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রগুলোর দাবি। ফলে তার প্রকাশ্যে আসার বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৩৪ ● ২৬ বার পঠিত