মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
একই দিনে আদালতে তিন ‘নজরুল’, একজনের জামিন, দুজন কারাগারে
হোম » আলোচিত খবর » একই দিনে আদালতে তিন ‘নজরুল’, একজনের জামিন, দুজন কারাগারে
![]()
সাগরকন্যা প্রতিবেদক, সাতক্ষীরা
সাতক্ষীরায় একই দিনে আদালতের দ্বারস্থ হয়েছেন আলোচিত তিন ‘নজরুল ইসলাম’। তাঁদের একজন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। অন্য দুজন জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এবং শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম (হাজী নজরুল) পৃথক মামলায় কারাগারে গেছেন।
সোমবার (১০ আগস্ট) কাকতালীয়ভাবে তিনজনই আদালতের মুখোমুখি হন। সম্প্রতি বিভিন্ন ঘটনায় ‘নজরুল ইসলাম’ নামটি সাতক্ষীরায় আলোচিত হওয়ায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনা তৈরি করে।
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে গত ২২ জুলাই রাজধানীর পল্লবী থানায় মামলা করেন এক তরুণীর মামা। ওই তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করা হয়। এ ঘটনার পর গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। মামলায় গ্রেপ্তারের আশঙ্কায় তিনি উচ্চ আদালতে জামিনের আবেদন করেন। সোমবার (১০ আগস্ট) বিকেলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে সোমবার (১০ আগস্ট) সাতক্ষীরার আদালতে হাজির করে সদর থানায় করা পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১৪ সালে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের ‘ক্রসফায়ারের’ নামে হত্যার নির্দেশ ও মদদ দেওয়ার অভিযোগে সম্প্রতি এসব মামলা করা হয়। সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাশ মণ্ডলের আদালতে শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলাগুলোর পরবর্তী শুনানির দিন ২৯ অক্টোবর ধার্য করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে সাতক্ষীরা আদালত এলাকায় পুলিশের পাহারায় মো. নজরুল ইসলামকে আদালত ভবন থেকে বের করে গাড়িতে তোলা হয়। এ সময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গাড়িতে ওঠার আগে তিনি উপস্থিত লোকজনের দিকে হাত নাড়েন। পাশে থাকা কয়েকজন স্বজনকে কান্নাকাটি করতে দেখা যায়।
এদিকে উচ্চ আদালত থেকে পাওয়া ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার (১০ আগস্ট) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও তাঁর সহযোগী বিশ্বজিৎ মণ্ডল। পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও হুমকির অভিযোগে করা মামলায় শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী পবিত্র কুমার বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের কাজে চাঁদাবাজি ও বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় আসামিদের জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
একই দিনে একই নামের তিন আলোচিত ব্যক্তির আদালতে হাজির হওয়ার বিষয়টি সোমবার (১০ আগস্ট) দিনভর সাতক্ষীরায় আলোচনার অন্যতম বিষয় ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন অনেকে।
সাইফুল্লাহ সুমন নামের এক ব্যক্তি তিনজনের ছবি দিয়ে ফেসবুকে লেখেন, ‘আদালতে তিন নজরুল, দুইজন কারাগারে, একজনের জামিন।’ আসাদুজ্জামান সরদার নামের আরেক ব্যক্তি লেখেন, ‘এখন নজরুল ইসলামদের দিন। দুই নজরুল সাতক্ষীরা আদালতে। আরেক নজরুল ঢাকার আদালতে।’
সাতক্ষীরার আদালত থেকে মো. নজরুল ইসলাম ও হাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ আবদুস সাত্তার। তিনি বলেন, পৃথক মামলায় শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮:০৯:১৫ ● ২৫ বার পঠিত
