মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬

গলাচিপায় আধা কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ, সংস্কারের দাবি

হোম » পটুয়াখালী » গলাচিপায় আধা কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ, সংস্কারের দাবি
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬


 

গলাচিপায় আধা কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ, সংস্কারের দাবি

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারিকান্দা গ্রামের বীরেন চন্দ্র ভদ্র বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। প্রায় ৩০ বছর ধরে সংস্কার না হওয়ায় সড়কটি দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকশ পরিবার। দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা ও পানিতে ডুবে যায়। এতে পথচারী ও শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।

 

স্থানীয় বাসিন্দা বীরেন চন্দ্র ভদ্র বলেন, ‘এই রাস্তাটি এখন যেন একটি যুদ্ধক্ষেত্র। প্রতিদিন কষ্ট করে যাতায়াত করতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি পড়লে দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা সম্ভব।’

 

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে শুধু শিক্ষার্থী ও পথচারী নয়, জরুরি চিকিৎসাসেবাও ব্যাহত হচ্ছে। কোনো রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি ব্যবহার প্রায় অনুপযোগী হয়ে যায়।

 

রতনদী তালতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর দেওয়ান সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, ‘বীরেন চন্দ্র ভদ্রের বাড়ির রাস্তাটি আসলেই অকেজো হয়ে পড়েছে। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ মানুষ যাতায়াত করেন।’

 

রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা খান বলেন, ‘বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করে জানানো হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৮:০১:৩১ ● ২২ বার পঠিত