মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬

মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১০

হোম » খুলনা » মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১০
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬


 

মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১০

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জন বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং চারজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের বাগেরহাটের আদালতে পাঠানো হয়েছে। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টা থেকে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত মোরেলগঞ্জ থানার একাধিক দল বিশেষ অভিযান চালায়। অভিযানে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে মাদকবিরোধী অভিযানে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার পরোয়ানাভুক্তরা হলেন- মহিষপুরা এলাকার মৃত আরশেদ আলী হাওলাদারের ছেলে মো. মাসুদুর রহমান মিঠু (৫২), কিসমত জামুয়া গ্রামের আলমগীর তালুকদারের ছেলে মো. আবু তাহের তালুকদার, হরতকিতলা গ্রামের রুস্তম আলী ফকিরের ছেলে মো. শফিকুর রহমান, ভাটখালী গ্রামের মো. ইসমাইল মোল্লার ছেলে মো. ইউনুস মোল্লা, দক্ষিণ জোকা গ্রামের রহিম খানের ছেলে জাকির খান ও সিদ্দিক খান।

 

মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের শিকিরডাঙ্গা গ্রামের মো. আকবর শেখের ছেলে আজমল শেখ (৩২), মোরেলগঞ্জ উপজেলার পালেরখন্ড গ্রামের নাসিরুদ্দিনের ছেলে মো. রাহাত (২৪), উত্তর সরালিয়া গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে নবীন হাওলাদার (৩৬) ও একই গ্রামের মোকলেছ বেপারীর ছেলে ইব্রাহিম বেপারী (৪২)।

 

পুলিশের দাবি, গ্রেপ্তার চারজন মোরেলগঞ্জ থানা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

 

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান বলেন, বাগেরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:১০:৩০ ● ২০ বার পঠিত