সোমবার ● ১০ আগস্ট ২০২৬

গাঁজার গাছসহ দশমিনায় যুবক গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » গাঁজার গাছসহ দশমিনায় যুবক গ্রেপ্তার
সোমবার ● ১০ আগস্ট ২০২৬


 

গাঁজার গাছসহ দশমিনায় যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর দশমিনায় গাঁজার গাছসহ মো. বাবলু সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সোমবার (১০ আগস্ট) ভোররাত ৪টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের উত্তর রণগোপালদী গ্রামের সরদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার বাবলু সরদার রণগোপালদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রণগোপালদী গ্রামের সরদার বাড়ির মৃত মো. আফসের সরদারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন হাওলাদার ও নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ভোররাতে বাবলু সরদারের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের সামনে থেকে প্রায় সাড়ে তিন ফুট উচ্চতার একটি গাঁজার গাছ জব্দ করা হয়।

 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবলু সরদারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরের সামনে চাষ করা একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮:১৭:০৮ ● ২৪ বার পঠিত