শনিবার ● ৮ আগস্ট ২০২৬
শরণখোলায় শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
হোম » শিক্ষা » শরণখোলায় শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, শরণখোলা (বাগেরহাট)
বাগেরহাটের শরণখোলায় ৮৪ নম্বর উত্তর আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস ছত্তার হাওলাদারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তির বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
শনিবার (৮ আগস্ট) শরণখোলা প্রেসক্লাব চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১১টার ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির শরণখোলা শাখার সভাপতি ও প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন। শিক্ষক নেতা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ জামাল জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ ডিজিটাল প্রাথমিক শিক্ষক সমিতির শরণখোলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মুক্তা, লাঞ্ছিত শিক্ষক আবদুস ছত্তার হাওলাদার, মো. জাকির হোসেন খানসহ শিক্ষক নেতারা।
লাঞ্ছিত শিক্ষক আবদুস ছত্তার হাওলাদার বলেন, গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের ছুটির পর উপজেলা শিক্ষা অফিসে যাওয়ার পথে এলাকার আলমগীর তালুকদার তাঁর গাড়ির গতিরোধ করেন। এ সময় জমিজমা-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রভাব খাটিয়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় ওই রাতেই শরণখোলা থানায় লিখিত অভিযোগ করেছেন শিক্ষক আবদুস ছত্তার হাওলাদার।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকেয়া খানম বলেন, শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫:৪৮:৩৬ ● ১৮ বার পঠিত
