শনিবার ● ৮ আগস্ট ২০২৬

কালকিনিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ

হোম » ঢাকা » কালকিনিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ
শনিবার ● ৮ আগস্ট ২০২৬


 

কালকিনিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

মাদারীপুরের কালকিনি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। শনিবার (৮ আগস্ট) দুপুরে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভকারীরা কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরিফিনের অপসারণ, বিতর্কিত নিয়োগ বাতিল এবং পুনরায় নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি জানান।

 

চাকরিপ্রার্থীদের অভিযোগ, প্রকাশিত ফলাফল যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে হয়নি। নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। তারা অবিলম্বে প্রকাশিত ফলাফল বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনরায় যোগ্য প্রার্থী বাছাইয়ের দাবি জানান।

 

সিডিখান ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব খান মো. সাদমান সাকিব বলেন, ‘সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা অবিলম্বে এই বিতর্কিত ফলাফল বাতিলের দাবি জানাচ্ছি। তা না হলে আগামীকাল ইউএনও কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর আন্দোলন করা হবে।’

 

অভিযোগের বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরিফিন বলেন, ‘স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোনো জালিয়াতি হয়নি।’ তিনি আরও বলেন, ‘নিয়োগের ক্ষেত্রে কে আওয়ামী লীগ আর কে বিএনপি, এগুলো যাচাই করা হয়নি।’

 

বিক্ষোভ কর্মসূচিতে শিকারমঙ্গল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি খোকন মিয়া, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী তানভীর হাসান নাহিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:১৯ ● ১১৬ বার পঠিত