শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

হোম » পিরোজপুর » পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬


পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিতসাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নবাগতদের ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়। একই সঙ্গে র‍্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।

পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ থেকে ২০২৬ সাল পর্যন্ত গুম, খুন ও বিভিন্ন ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন এবং উষ্ণ অভ্যর্থনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার বলেন, ‘পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশসেরা বিশ্ববিদ্যালয় হওয়ার সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। সবাই ধৈর্য, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে এই বিশ্ববিদ্যালয় একদিন দেশ-বিদেশে সুনাম অর্জন করবে, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং, হিংসা, মারামারি ও আধিপত্যবাদের কোনো স্থান নেই। কোনো শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার হলে বা কেউ এতে জড়িত থাকলে সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

উপাচার্য শিক্ষার্থীদের মা-বাবা, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সমাজের সব শ্রেণির মানুষের সঙ্গে সদ্ব্যবহার করার আহ্বান জানান। তিনি বলেন, বিনয়, সততা ও নৈতিক মূল্যবোধ ধারণ করেই শিক্ষার্থীদের জীবন গড়ে তুলতে হবে।

পরিসংখ্যান বিভাগের প্রভাষক সুমাইয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আকতার হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সোহাগ বর্মন, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা এবং অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. আরাফাত হোসেন।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৩৪ ● ২৪ বার পঠিত