বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬

চরফ্যাশনে শিক্ষক পেটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন কারাগারে

হোম » ভোলা » চরফ্যাশনে শিক্ষক পেটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন কারাগারে
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬


 

চরফ্যাশনে শিক্ষক পেটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন কারাগারে

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

ভোলার চরফ্যাশনে সহকারী শিক্ষককে মারধরের মামলায় ১৬৮ নম্বর দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফসহ তিন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফজাল হোসেন শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

কারাগারে পাঠানো অপর দুই আসামি হলেন মো. হামিম দেওয়ান (২৫) ও মো. রাশেদ খান (৪০)।

 

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় সহকারী শিক্ষক আক্তার হোসেনের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে গত ২৭ জুন বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে শার্টের কলার ধরে আক্তার হোসেনকে মাঠে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

 

এ ঘটনায় গত ২ জুলাই চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন সহকারী শিক্ষক আক্তার হোসেন।

 

আদালতে হাজিরা শেষে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফ দাবি করেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তাকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৬:২৩ ● ৩১ বার পঠিত