বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাত, জনজীবনে ভোগান্তি
হোম » আবহাওয়া » সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাত, জনজীবনে ভোগান্তি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় গত দুই দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পটুয়াখালী জেলায় ৭৫ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে। খাল-বিল উপচে পড়ায় বিভিন্ন এলাকায় চলাচলেও দুর্ভোগ বেড়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বর্ষাকালীন সবজি চাষিরা ফসলের ক্ষতির আশঙ্কায় রয়েছেন।
এদিকে অতিবৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর ও শ্রমজীবী মানুষ। কাজের সুযোগ কমে যাওয়ায় তাদের আয়-রোজগারও ব্যাহত হচ্ছে। চরাঞ্চলের বাসিন্দারাও চলাচল ও দৈনন্দিন কাজে ভোগান্তির মুখে পড়েছেন।
নীলগঞ্জ ইউনিয়নের কৃষক আব্দুর রহিম বলেন, ‘আরও বৃষ্টি হলে আমাদের এলাকার চাষাবাদ বন্ধ হয়ে যাবে। এতে কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।’
আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী দিনগুলোতেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং এর পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৫৯:৫১ ● ২২ বার পঠিত
