বুধবার ● ৫ আগস্ট ২০২৬

শরণখোলায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ জুলাই যোদ্ধা পরিবারকে সংবর্ধনা

হোম » খুলনা » শরণখোলায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ জুলাই যোদ্ধা পরিবারকে সংবর্ধনা
বুধবার ● ৫ আগস্ট ২০২৬


 

শরণখোলায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ জুলাই যোদ্ধা পরিবারকে সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, শরণখোলা (বাগেরহাট)

 

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে দিবসটি পালন করা হয়েছে।

 

কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার।

 

আলোচনা সভায় বক্তব্য দেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, সেক্রেটারি মাওলানা মোস্তফা আমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং জুলাই যোদ্ধার বাবা আলতাফ জোমাদ্দার।

 

উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন, ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ ২৪-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফেরাত কামনা করছি। সবাইকে নিয়ে বিপ্লব, সবাইকে নিয়ে গণঅভ্যুত্থান হয়েছে, যার সুফল আজ আমরা সবাই ভোগ করছি। দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষার্থী, জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই যোদ্ধাদের ১১টি পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:২৩:০৫ ● ১৭ বার পঠিত