বুধবার ● ৫ আগস্ট ২০২৬
জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা পেলেন দুমকির ১৮ জন
হোম » পটুয়াখালী » জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা পেলেন দুমকির ১৮ জন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে দুই শহীদ পরিবারের সদস্য ও গেজেটভুক্ত ১৬ জন জুলাই যোদ্ধাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল ইসলাম শাহীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, প্রেসক্লাব, দুমকির সভাপতি অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জালাল আহমেদ খান এবং জুলাই যোদ্ধা মো. ফয়সাল হোসেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং তাদের আদর্শ ও চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮:১০:২২ ● ১১ বার পঠিত
