বুধবার ● ৫ আগস্ট ২০২৬
চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা
হোম » ভোলা » চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলার চরফ্যাশনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা। তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও শক্তিশালী করতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, বিএনপি নেতা কয়সার আলম কমল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা মো. আব্বাছ উদ্দিন।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের স্বজন, শহীদ পরিবারের সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী, ইউনিয়ন পরিষদের সচিব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা, দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬:৪৮:২৮ ● ১৩ বার পঠিত
