বুধবার ● ৫ আগস্ট ২০২৬
পরিবারের লিখিত আপত্তিতে বামনায় শহীদ ইসহাকের মরদেহ উত্তোলন স্থগিত
হোম » বরগুনা » পরিবারের লিখিত আপত্তিতে বামনায় শহীদ ইসহাকের মরদেহ উত্তোলন স্থগিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. ইসহাক জমাদ্দারের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলনের উদ্যোগ নেওয়া হলেও পরিবারের লিখিত আপত্তির মুখে তা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার মরদেহ উত্তোলনের জন্য বরগুনার বামনা উপজেলার সংশ্লিষ্ট কবরস্থানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ, বামনা থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম এবং পুলিশের একটি দল।
এ সময় শহীদ ইসহাকের ছেলে মো. সবুজসহ পরিবারের সদস্যরা ধর্মীয় অনুভূতি, সামাজিক বাস্তবতা ও মানসিক কষ্টের বিষয় উল্লেখ করে মরদেহ উত্তোলন না করার জন্য লিখিত আবেদন দেন। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহ উত্তোলনের কার্যক্রম স্থগিত করে।
বরগুনার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ উত্তোলনের জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে পরিবারের পক্ষ থেকে মরদেহ উত্তোলন না করার লিখিত আবেদন পাওয়া গেছে। আবেদনটি গ্রহণ করা হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার শ্যামলী ক্লাব মাঠসংলগ্ন এলাকায় স্বৈরাচারবিরোধী বিজয় মিছিল চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বরগুনার বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের বাসিন্দা, মৃত আজিজ জমাদ্দারের ছেলে মো. ইসহাক জমাদ্দার।
বাংলাদেশ সময়: ৭:০৮:৫৫ ● ১৯ বার পঠিত
