মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগ সম্পাদককে ঘিরে বিতর্ক, সম্পর্ক ছিন্নের আহ্বান বানারীপাড়া আ.লীগ নেতাদের

হোম » রাজনীতি » নিষিদ্ধ ছাত্রলীগ সম্পাদককে ঘিরে বিতর্ক, সম্পর্ক ছিন্নের আহ্বান বানারীপাড়া আ.লীগ নেতাদের
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬


 

নিষিদ্ধ ছাত্রলীগ সম্পাদককে ঘিরে বিতর্ক, সম্পর্ক ছিন্নের আহ্বান বানারীপাড়া আ.লীগ নেতাদের

সাগরকন্যা প্রতিবেদক, বানারীপাড়া (বরিশাল)

 

বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্ট দিয়ে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। পোস্টগুলোতে তারা ফোরকানের সাম্প্রতিক বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসের সমালোচনা করেন এবং তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

 

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন মোল্লা তার ফেসবুক পোস্টে দাবি করেন, উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী ফোরকান আলী হাওলাদার বরিশাল জেলা আওয়ামী লীগ, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্যকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন পোস্ট করেছেন। এ কারণে দলীয় নেতাকর্মীদের তার বক্তব্যে গুরুত্ব না দিতে এবং তার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান তিনি। পোস্টে তিনি ফোরকানকে মানসিক ভারসাম্যহীন বলেও উল্লেখ করেন।

 

একই ধরনের বক্তব্য দিয়ে ফেসবুকে পোস্ট করেন উপজেলা আওয়ামী লীগের আরেক সহসভাপতি মজিবুল ইসলাম টুকু। তিনি দাবি করেন, ফোরকানের ফেসবুক পোস্টে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এজন্য নেতাকর্মীদের তার সঙ্গে সম্পর্ক না রাখার আহ্বান জানান।

 

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউল হক মিন্টু, সদস্য আবুল কালাম বালী, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমীন জাহান পলি, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা টুটুল বাহাদুর এবং সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী জসিম মোল্লাও ফেসবুকে ফোরকান আলী হাওলাদারকে নিয়ে বিভিন্ন মন্তব্য ও সাংগঠনিক ব্যবস্থার দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে বক্তব্য জানতে ফোরকান আলী হাওলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পাবনায় শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।

 

উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদারের সাম্প্রতিক কয়েকটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের মধ্যে প্রকাশ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২৩:২৬:২৭ ● ২৫ বার পঠিত