মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে ডাকাতি, খুলনায় ৬ আসামির ১০ বছরের কারাদণ্ড
হোম » আইন-আদালত » পুলিশ পরিচয়ে ডাকাতি, খুলনায় ৬ আসামির ১০ বছরের কারাদণ্ড
![]()
সাগরকন্যা প্রতিবেদক, খুলনা
খুলনায় পুলিশ পরিচয়ে ডাকাতির মামলায় ছয় আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. শাহা আলম।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মীর সেলিম, মাহাবুবুর রহমান, মো. লিটন দেওয়ান, নাসির গাজী ওরফে কাবিলা, কালাম ঢালী ও শামীম বিশ্বাস। মামলার অপর আসামি জিহাদুল বিশ্বাসকে খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, রায়ে শামীম বিশ্বাসকে দণ্ডবিধির ৪১২ ধারায় অতিরিক্ত আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মো. লিটন দেওয়ান ও নাসির গাজী ওরফে কাবিলা আদালতে উপস্থিত ছিলেন। বাকি সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৪ এপ্রিল ডিম ব্যবসায়ী মো. রবিউল ইসলাম পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার থেকে দোকান বন্ধ করে কর্মচারীকে সঙ্গে নিয়ে রাত পৌনে ১২টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার নাসিরপুর গ্রামের সাবেক চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা চার ব্যক্তি তাদের গতিরোধ করেন।
এ সময় একজন পুলিশের পোশাক পরিহিত ছিলেন এবং অন্যরা সাদা পোশাকে ছিলেন। তারা রবিউলকে জানান, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং থানায় যেতে হবে। পরে তাকে মোটরসাইকেলে তুলে থানার পরিবর্তে ডুমুরিয়া উপজেলার মাগুরখালীর দিকে নিয়ে যাওয়া হয়।
রবিউল কোথায় নেওয়া হচ্ছে জানতে চাইলে তাকে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ এক লাখ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে তাকে ফেলে রেখে যায় আসামিরা। পরদিন তিনি পাইকগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।
পরে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শাহজুল ইসলাম তদন্ত শেষে একই বছরের ৩০ জুলাই সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বাংলাদেশ সময়: ১৬:৫৫:১৫ ● ২২ বার পঠিত
