সোমবার ● ৩ আগস্ট ২০২৬
ভান্ডারিয়ায় বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক
হোম » পিরোজপুর » ভান্ডারিয়ায় বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ।
সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী সফরের শুরুতে জেলা প্রশাসক ভিটাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ভিটাবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি স্বাস্থ্য ও ভূমিসেবার কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, রেকর্ড সংরক্ষণ, সেবার মান এবং নাগরিকবান্ধব পরিবেশ পর্যালোচনা করেন। জনগণকে দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে তিনি বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং ৬৮ নং ভান্ডারিয়া হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, বিদ্যালয়ের পরিবেশ, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক দেউলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে মহাজনের বাড়ি পর্যন্ত জার্মান খাল ও চরখালী খাল পুনঃখনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি প্রকল্পের অগ্রগতি, কাজের গুণগত মান ও নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসক বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:২৯:০৭ ● ১০ বার পঠিত
