সোমবার ● ৩ আগস্ট ২০২৬

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তারের দাবি

হোম » গণমাধ্যম » সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তারের দাবি
সোমবার ● ৩ আগস্ট ২০২৬


 

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তারের দাবি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর গৌরনদী প্রতিনিধি এস. এম. জুলফিকারের ওপর হামলার প্রতিবাদ এবং এজাহারভুক্ত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

 

সমাবেশে বক্তব্য দেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির ও আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, সঞ্জয় কুমার পাল, খোকন আহাম্মেদ হীরা, মনীষ চন্দ্র বিশ্বাস, উত্তম কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আমীনা আক্তার সোমা, সাংবাদিক এস. এম. মোশাররফ হোসেন, মো. খায়রুল ইসলাম, বিএম বেলাল, কাজী আল-আমীন, প্রচার সম্পাদক মো. হাসান মাহমুদ, মোল্লা ফারুক হাসান এবং গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।

 

বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত। তারা দ্রুত এজাহারভুক্ত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

উল্লেখ্য, গত রবিবার (২ আগস্ট) উপজেলার পুরাতন নাহার সিনেমা হল মোড় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এস. এম. জুলফিকারের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিএনপি কর্মী মাসুম হাওলাদার, তার ছেলে ইয়াসিন হাওলাদার, তার ভাই পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাওলাদার, যুবদলকর্মী সবুজ হাওলাদার ও রিয়াজ উকিলসহ কয়েকজন এ হামলায় অংশ নেন। গুরুতর আহত অবস্থায় এস. এম. জুলফিকারকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, মামলার এজাহারভুক্ত আসামি সবুজ হাওলাদার ও ফারুক উকিলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৪৩ ● ২৮ বার পঠিত