সোমবার ● ৩ আগস্ট ২০২৬

বরগুনায় দুই সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলনে মায়ের আর্তনাদ

হোম » বরগুনা » বরগুনায় দুই সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলনে মায়ের আর্তনাদ
সোমবার ● ৩ আগস্ট ২০২৬


 

বরগুনায় দুই সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলনে মায়ের আর্তনাদ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

স্বামীর নির্যাতনের অভিযোগে সংসার ছেড়ে আইনি প্রক্রিয়ায় তালাক দেওয়ার পরও দুই সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটছে বলে অভিযোগ করেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা শারমিন মিতু। রবিবার রাতে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি নিজের ও সন্তানদের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শারমিন মিতু বলেন, ‘আমি শুধু আমার দুই সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচতে চাই।’ এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট বোন মহিমা আক্তার, মা, ফুফু ও দুই সন্তান।

 

লিখিত বক্তব্যে শারমিন মিতু অভিযোগ করেন, সাবেক স্বামী রফিকুল ইসলাম ও তার ভাই দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি আইনি প্রক্রিয়ায় স্বামীকে তালাক দেন। এরপর থেকেই তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

তিনি আরও অভিযোগ করেন, সংসার চলাকালে ভরণপোষণের অর্থ থেকে সঞ্চয় করে দুই ছেলের নামে কেনা প্রায় আড়াই শতক জমি নিয়েও সাবেক স্বামীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে। পাশাপাশি তার ব্যক্তিগত ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে শারমিন মিতু অভিযোগ করেন, সম্প্রতি পাথরঘাটা থানার সামনে সাবেক স্বামী ও তার সহযোগীরা তাদের ওপর হামলার চেষ্টা চালান। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তিনি ও তার ছোট বোন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন বলেও জানান।

 

কান্নাজড়িত কণ্ঠে শারমিন মিতু বলেন, ‘আমার অপরাধ শুধু আমি নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি আমার দুই সন্তানকে নিয়ে স্বাভাবিক ও নিরাপদ জীবন চাই।’ তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।

বাংলাদেশ সময়: ১২:৩০:২২ ● ২৫ বার পঠিত