সোমবার ● ৩ আগস্ট ২০২৬
নিম্নমানের অভিযোগে বাবুগঞ্জে ৪৮০ বস্তা চাল ফেরত দিল খাদ্য গুদাম কর্তৃপক্ষ
হোম » লিড নিউজ » নিম্নমানের অভিযোগে বাবুগঞ্জে ৪৮০ বস্তা চাল ফেরত দিল খাদ্য গুদাম কর্তৃপক্ষ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাবুগঞ্জ উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করা ৪৮০ বস্তা চাল নিম্নমানের অভিযোগে গ্রহণ না করে সরবরাহকারী প্রতিষ্ঠানে ফেরত পাঠিয়েছে গুদাম কর্তৃপক্ষ। উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) শেখ মুহাম্মদ শিহাব উদ্দিন চালের মান যাচাই করে এ সিদ্ধান্ত নেন।
জানা গেছে, চলতি বছরের বোরো সংগ্রহ কর্মসূচির আওতায় উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরের জয় অটো রাইস মিল থেকে ৫০ কেজি ওজনের ৪৮০ বস্তা চাল বাবুগঞ্জ উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করা হয়। গত ২ আগস্ট দুপুরে চালগুলো গুদামে সংরক্ষণের জন্য খালাসের কাজ শুরু করেন শ্রমিকরা।
এ সময় খাদ্য গুদামের শ্রমিক নেতা ও ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন খান চালের মান নিয়ে সন্দেহ প্রকাশ করে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) শেখ মুহাম্মদ শিহাব উদ্দিন চালের নমুনা পরীক্ষা করেন।
পরীক্ষায় চালের গুণগত মান সরকারি মানদণ্ড অনুযায়ী সন্তোষজনক না হওয়ায় পুরো চালানটি গ্রহণ না করে সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে ফেরত পাঠানো হয়।
শ্রমিক নেতা মো. তোফাজ্জল হোসেন খান বলেন, ‘চাল খালাসের সময় মান নিয়ে সন্দেহ হওয়ায় বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর চাল গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) শেখ মুহাম্মদ শিহাব উদ্দিন বলেন, ‘চালের মান সরকারি মানদণ্ড অনুযায়ী সন্তোষজনক না হওয়ায় চালের চালানটি গ্রহণ করা হয়নি। সরবরাহকারী প্রতিষ্ঠানকে তা ফেরত দেওয়া হয়েছে।’
তবে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ অস্বীকার করেছেন জয় অটো রাইস মিলের স্বত্বাধিকারী নজরুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা কোনো নিম্নমানের চাল সরবরাহ করিনি। একটি বস্তার চালে সামান্য লালচে আভা দেখা গেছে, সেটিকেই নিম্নমানের বলা হচ্ছে। ধানের জাতভেদে চালের রঙে স্বাভাবিক পার্থক্য থাকতে পারে।’
সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে সরবরাহকৃত চালের গুণগত মান নিশ্চিত করতে আরও কঠোর তদারকি ও মান নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১২:২২:৩৬ ● ২৮ বার পঠিত
