রবিবার ● ২ আগস্ট ২০২৬

নলছিটির প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ে যুব সৃজনশীল সমাধান অনুসন্ধান কর্মশালা

হোম » শিক্ষা » নলছিটির প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ে যুব সৃজনশীল সমাধান অনুসন্ধান কর্মশালা
রবিবার ● ২ আগস্ট ২০২৬


 

নলছিটির প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ে যুব সৃজনশীল সমাধান অনুসন্ধান কর্মশালা

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

 

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার (২ আগস্ট) সকালে ‘যুব সৃজনশীল সমাধান অনুসন্ধান কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথনেট গ্লোবালের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বিদ্যালয়ের ইয়ুথ ক্লাইমেট ক্লাবের ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।

 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। এ সময় বিদ্যালয়ের ইয়ুথ ক্লাইমেট ক্লাবের দুইজন শিক্ষক উপদেষ্টা, ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ এবং বিভাগীয় সমন্বয়কারী সাজিদ মাহামুদ উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব, স্থানীয় পর্যায়ের ঝুঁকি এবং জলবায়ুজনিত সামাজিক সংকট মোকাবিলায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দলভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিতকরণ, সৃজনশীল চিন্তা ও সম্ভাব্য সমাধান উদ্ভাবনের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালার অংশ হিসেবে শিক্ষার্থীরা স্থানীয় জলবায়ুজনিত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সম্ভাব্য সৃজনশীল সমাধানও উপস্থাপন করে।

 

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বন্যা, খরা, জলোচ্ছ্বাস, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এর প্রভাব অর্থনীতি, শিক্ষা, সমাজ ও জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে পড়ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে শিশু ও তরুণরা। অথচ জলবায়ু সংকট সৃষ্টিতে তাদের কোনো দায় নেই। তাই জলবায়ু পরিবর্তনজনিত সামাজিক ও মানবিক সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর লক্ষ্যেই ইয়ুথনেট গ্লোবাল ‘ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন ফর পিস’ উদ্যোগ বাস্তবায়ন করছে।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. মিজানুর রহমান বলেন, ‘ইয়ুথনেটের এ উদ্যোগের সঙ্গে আমাদের বিদ্যালয় যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এ ধরনের জলবায়ু ও পরিবেশবিষয়ক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা, নেতৃত্ব ও দায়িত্ববোধ তৈরি হবে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।’

 

ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগীদের একটি অংশ আমাদের তরুণ প্রজন্ম। তাই শুধু জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের জানানো নয়, তাদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান খুঁজে বের করার সুযোগও তৈরি করতে হবে। ‘ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন ফর পিস’ উদ্যোগের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সক্রিয় নেতৃত্বের জন্য প্রস্তুত করতে চাই।’

 

ইয়ুথনেট গ্লোবালের বিভাগীয় সমন্বয়কারী সাজিদ মাহামুদ বলেন, ‘আমরা ইয়ুথ ক্লাইমেট ক্লাবের শিক্ষার্থীদের ভবিষ্যতের জলবায়ু যোদ্ধা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য তাদের সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ প্রয়োজন। সেই লক্ষ্যেই এ সৃজনশীল সমাধান অনুসন্ধান কর্মশালার আয়োজন করা হয়েছে।’

 

আয়োজকরা জানান, ‘ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন ফর পিস’ উদ্যোগের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে তরুণদের সচেতন করার পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্ব, সৃজনশীলতা, শান্তি ও সহনশীলতার চর্চা বাড়াতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা হবে। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের স্থানীয় জলবায়ু সমস্যা চিহ্নিত করে বাস্তবভিত্তিক ও সৃজনশীল সমাধান উদ্ভাবনে উৎসাহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৩:০৩:৪৮ ● ২৮ বার পঠিত