রবিবার ● ২ আগস্ট ২০২৬
ফেনীতে ছাত্রলীগের মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ৩
হোম » রাজনীতি » ফেনীতে ছাত্রলীগের মিছিল: সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ৩
![]()
সাগরকন্যা প্রতিবেদক, ফেনী
ফেনীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় এজাহারভুক্ত দুজন ও সন্দেহভাজন একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার (৩১ জুলাই) সকালে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পূর্ব সিলোনিয়া দাশেরপোল এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার নিয়ে মিছিল ও স্লোগান দেন। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- এজাহারভুক্ত নাজমুল ইসলাম শাহীন (২২) ও মো. ইয়াছিন বাবু (২২) এবং সন্দেহভাজন শাহ আলম (৩৫)।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ২৫ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম জানান, মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, শুক্রবার মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন জড়িতদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
বাংলাদেশ সময়: ১২:২৮:০৮ ● ২৮ বার পঠিত
