শনিবার ● ১ আগস্ট ২০২৬

ঘর নির্মাণকে কেন্দ্র করে কাঠালিয়ায় সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৮

হোম » ঝালকাঠী » ঘর নির্মাণকে কেন্দ্র করে কাঠালিয়ায় সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৮
শনিবার ● ১ আগস্ট ২০২৬


ঘর নির্মাণকে কেন্দ্র করে কাঠালিয়ায় সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৮সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

 

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ নারী, এক নবজাতকসহ আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে নবজাতক জান্নাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার সোনাউটা গ্রামের চারাঘাটা এলাকায় বিরোধপূর্ণ একটি জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে মো. সেলিমের সঙ্গে একই বাড়ির কবির ও মজনু পক্ষের বিরোধের জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

সংঘর্ষে আহতরা হলেন- হালিম (৩৭), সেলিম (৬০), পারভিন (২৫), অন্তঃসত্ত্বা হালিমা বেগম (২৪), নবজাতক জান্নাত, ফিরোজা বেগম (৫০), রাহিমা বেগম (৩০) ও হাজেরা বেগম (৫০)। আহতদের মধ্যে নবজাতক জান্নাতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

এ ঘটনায় শনিবার (১ আগস্ট) বিকেল পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:১০:০৪ ● ২২ বার পঠিত