শনিবার ● ১ আগস্ট ২০২৬

ব্রেন টিউমারের যত লক্ষণ: যেসব উপসর্গ অবহেলা করবেন না

হোম » লাইফস্টাইল » ব্রেন টিউমারের যত লক্ষণ: যেসব উপসর্গ অবহেলা করবেন না
শনিবার ● ১ আগস্ট ২০২৬


ব্রেন টিউমারের যত লক্ষণ: যেসব উপসর্গ অবহেলা করবেন নাসাগরকন্যা লাইফস্টাইল ডেস্ক

মাথাব্যথা, ঝাপসা দেখা বা খিঁচুনির মতো কিছু উপসর্গ অনেক সময় সাধারণ সমস্যা মনে হলেও, এগুলো কখনো কখনো মস্তিষ্কে টিউমারের ইঙ্গিত হতে পারে। তাই দীর্ঘদিন ধরে বা অস্বাভাবিকভাবে এসব লক্ষণ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

মস্তিষ্কে সাধারণত দুই ধরনের টিউমার হয়। প্রাইমারি ব্রেন টিউমার মস্তিষ্কের কোষ বা আবরণী থেকে তৈরি হয়। এর মধ্যে গ্লিওমা ও মেনিনজিওমা উল্লেখযোগ্য। অন্যদিকে সেকেন্ডারি ব্রেন টিউমার শরীরের অন্য কোনো অঙ্গ-যেমন ফুসফুস বা লিভারে সৃষ্ট ক্যানসার থেকে মস্তিষ্কে ছড়িয়ে পড়ে।


যেসব লক্ষণ সতর্কবার্তা হতে পারে

সব মাথাব্যথাই ব্রেন টিউমারের লক্ষণ নয়। তবে নিচের উপসর্গগুলো দেখা দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত-

দিন দিন তীব্র হতে থাকা মাথাব্যথা।

সকালে ঘুম থেকে ওঠার পর বা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তীব্র মাথাব্যথা।

হাঁচি, কাশি বা চাপ প্রয়োগে মাথাব্যথা বেড়ে যাওয়া।

সাধারণ ব্যথানাশক ওষুধেও আরাম না পাওয়া।

চোখে ঝাপসা বা দ্বৈত দেখা।

বারবার বমি বা বমি বমি ভাব।

খিঁচুনি।

হঠাৎ অচেতন হয়ে পড়া।

মস্তিষ্কের ভেতরের চাপ বেড়ে গেলে চোখের স্নায়ুতেও পরিবর্তন দেখা দিতে পারে। এ কারণে অনেক সময় চক্ষু বিশেষজ্ঞের পরীক্ষাতেই ব্রেন টিউমারের প্রাথমিক সন্দেহ ধরা পড়ে।

কীভাবে রোগ শনাক্ত করা হয়?

ব্রেন টিউমার সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এমআরআই (MRI) বা সিটি স্ক্যান (CT Scan) করা হয়। প্রয়োজন হলে বায়োপসির মাধ্যমে টিউমারের ধরন নিশ্চিত করা হয়।

চিকিৎসা কী?

টিউমারের ধরন, অবস্থান ও রোগীর শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসা নির্ধারণ করা হয়। চিকিৎসায় প্রয়োজন অনুযায়ী অস্ত্রোপচার, বায়োপসি, রেডিয়েশন থেরাপি ও কেমোথেরাপি এককভাবে বা সমন্বিতভাবে ব্যবহার করা হয়।

বর্তমানে থ্রি-টেসলা (3T) ইন্ট্রাঅপারেটিভ এমআরআই প্রযুক্তি ব্যবহার করে আরও নির্ভুলভাবে ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে। তাই চিকিৎসা পরিকল্পনা নির্ধারণের আগে অভিজ্ঞ নিউরোসার্জনের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।


বাংলাদেশে চিকিৎসার সুযোগ

বাংলাদেশে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট, সরকারি মেডিকেল কলেজগুলোর নিউরোসার্জারি বিভাগ এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ব্রেন টিউমারের আধুনিক চিকিৎসা ও অস্ত্রোপচারের সুবিধা রয়েছে।

দেরি নয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন

বিশেষজ্ঞদের মতে, সময়মতো রোগ শনাক্ত করে সঠিক চিকিৎসা শুরু করলে অনেক ক্ষেত্রেই ব্রেন টিউমার সফলভাবে নিয়ন্ত্রণ বা নিরাময় করা সম্ভব। তাই উল্লেখিত কোনো উপসর্গ দীর্ঘদিন ধরে থাকলে বা ক্রমশ বাড়তে থাকলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

তথ্যসূত্র: অধ্যাপক ডা. হারাধন দেবনাথ, নিউরোসার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

বাংলাদেশ সময়: ৮:১৮:১৮ ● ২৫ বার পঠিত