সোমবার ● ২৭ জুলাই ২০২৬
খুলনা-মোংলা মহাসড়কে বাসের ধাক্কায় ‘বড় হাফেজ সাহেব’ নিহত
হোম » খুলনা » খুলনা-মোংলা মহাসড়কে বাসের ধাক্কায় ‘বড় হাফেজ সাহেব’ নিহত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কে বাসের ধাক্কায় হাফেজ ইবারত আলী (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ভাগাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইবারত আলী ইসলামাবাদ গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি ‘বড় হাফেজ সাহেব’ নামে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোংলা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ভাগাবাজার এলাকায় একই দিকে যাওয়া ইবারত আলীর মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কাটাখালি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:১৪:৪০ ● ১০৮ বার পঠিত
