সোমবার ● ২৭ জুলাই ২০২৬
হিজলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
হোম » বরিশাল » হিজলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরব্দী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় ইউনিয়নের শাওড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন বেপারী গুরুতর আহত হয়েছেন।
গুরুতর আহত ফরিদ উদ্দিন বেপারীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলম শরীফ সিকদার, জসিম উদ্দিন সিকদার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দীন বাবুর্চি ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মাঝিসহ অন্যদের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফরিদ উদ্দিন বেপারীর ছেলে আমান অভিযোগ করেন, তার বাবা হিজলা-গৌরব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। আছরের নামাজের পর সৌজন্য সাক্ষাৎ করতে শাওড়া বাজারে গেলে ছাত্রদল নেতা ইসমাইল মোল্লা, হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক প্রয়াত গাফফার তালুকদারের ছেলে তানভীর তালুকদার, মামুন দেওয়ানসহ কয়েকজন সশস্ত্র ব্যক্তি তার ওপর হামলা চালান। হামলাকারীরা রামদা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে তার বাবার একটি পা ভেঙে দেন বলে দাবি করেন তিনি। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে অন্যদেরও মারধর ও কুপিয়ে আহত করা হয়।
স্থানীয়দের ভাষ্য, হিজলা-গৌরব্দী ইউনিয়নে আধিপত্য বিস্তার এবং মেঘনা নদীর তীরের মাছঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব মনির দেওয়ানের অনুসারী ফরিদ উদ্দিন বেপারী এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন দপ্তরীর অনুসারী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে উভয় পক্ষ একাধিকবার হামলা-পাল্টা হামলায় জড়িয়েছে।
স্থানীয়রা আরও জানান, এর আগে ফরিদ উদ্দিন বেপারীর অনুসারীদের হামলায় ইসমাইল মোল্লার পা ভেঙে যায়। পরে সুস্থ হয়ে কয়েক দিন আগে মোটরসাইকেল বহর নিয়ে এলাকায় গেলে বহরের একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় হামলার অভিযোগে পুলিশ ফরিদ উদ্দিন বেপারীকে ৭০ শতাংশ এবং ইসমাইল মোল্লাকে ৩০ শতাংশ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।
স্থানীয়দের দাবি, ফরিদ উদ্দিন বেপারী ক্ষতিপূরণের অর্থ পরিশোধ না করায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। এর জেরেই শাওড়া বাজারে তার ওপর হামলার ঘটনা ঘটে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ৬:১৯:১৫ ● ২৮ বার পঠিত
