রবিবার ● ২৬ জুলাই ২০২৬
কচিখালীর নদীতে রাজকীয় ভঙ্গিতে সাঁতরে চলছিল রয়েল বেঙ্গল টাইগার
হোম » খুলনা » কচিখালীর নদীতে রাজকীয় ভঙ্গিতে সাঁতরে চলছিল রয়েল বেঙ্গল টাইগার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
পূর্ব সুন্দরবনে মাত্র তিন দিনের ব্যবধানে ফের রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে। রবিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের টাইগার পয়েন্ট এলাকায় নদীতে সাঁতার কাটতে দেখা যায় বাঘটিকে। বনরক্ষীদের টহল বোটের সামনে দিয়ে নদী পার হওয়ার সময় বোটচালক সাইফুর রহমান মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করেন। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক পর্যটন কেন্দ্র ও টহল ফাঁড়ি এলাকায় একটি বাঘিনীকে ঘোরাঘুরি করতে দেখা যায়। মাত্র তিন দিনের ব্যবধানে বাঘের এমন উপস্থিতিতে বন্যপ্রাণীপ্রেমী ও পর্যটকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি হয়েছে।
শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বোটচালক সাইফুর রহমান সাগরকন্যার এ প্রতিবেদককে জানান, নিয়মিত টহলের সময় হঠাৎ একটি বাঘকে নদীতে নেমে সাঁতার কাটতে দেখেন তারা। বাঘটি নদীর মাঝামাঝি চলে গেলেও বোটের শব্দে আবার ফিরে আসে। এমন বিরল দৃশ্য তিনি মোবাইল ফোনে ধারণ করেন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, নদী-খাল পেরিয়ে বাঘের চলাচল তাদের স্বাভাবিক আচরণের অংশ। খাবারের সন্ধান, এলাকা পরিবর্তন কিংবা প্রাকৃতিক প্রয়োজনেও বাঘ নিয়মিত সাঁতার কাটে। তবে টহলের সময় খুব কাছ থেকে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না।
বন বিভাগ জানায়, বর্তমানে সুন্দরবনে তিন মাসের প্রবেশ নিষেধাজ্ঞা চলছে। সাধারণ মানুষ ও পর্যটকদের প্রবেশ বন্ধ থাকায় এবং মানবকোলাহল কম থাকায় বন্যপ্রাণীরা স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে পারছে। পাশাপাশি কঠোর নজরদারির কারণে বন অপরাধ কমেছে এবং হরিণ ও বাঘের বিচরণও বেড়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৩০:৩৬ ● ১৯ বার পঠিত
