শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬
নারী চিকিৎসককে উত্যক্তের অভিযোগ বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা, কারণ দর্শানোর নোটিশ
হোম » বরগুনা » নারী চিকিৎসককে উত্যক্তের অভিযোগ বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা, কারণ দর্শানোর নোটিশ
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা সদর হাসপাতালের আবাসিক সার্জন ডা. লুৎফুন্নাহার লনীর অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলমের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না কেন-তা জানতে চেয়ে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত ২২ জুলাইয়ের কারণ দর্শানোর নোটিশে এ তথ্য জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর ডা. রেজওয়ানুর আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন বরগুনা সদর হাসপাতালের আবাসিক সার্জন ডা. লুৎফুন্নাহার লনী।
অভিযোগে তিনি উল্লেখ করেন, বরগুনা সদর হাসপাতালে যোগদানের পর থেকেই হাসপাতালের তত্ত্বাবধায়ক বিভিন্ন সময় কোনো কারণ ছাড়াই তাকে নিজের কক্ষে ডাকতেন এবং কুরুচিপূর্ণ ইঙ্গিত করতেন। নিজের সম্মানের কথা বিবেচনা করে প্রথমে তিনি এসব প্রস্তাব উপেক্ষা করেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১৩ জুলাই সকাল ১১টা ১১ মিনিটে ডা. রেজওয়ানুর আলম তাকে হোয়াটসঅ্যাপে কল করে নিজের কক্ষে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি তীব্র সিগারেটের গন্ধ পান এবং তত্ত্বাবধায়কের আচরণ অস্বাভাবিক মনে হয়। একপর্যায়ে তাকে ডরমিটরিতে সময় কাটানোর প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ করেন ডা. লুৎফুন্নাহার লনী।
এ প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হয়রানিমূলক কারণ দর্শানোর নোটিশ দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তিনি ওই কক্ষ থেকে বের হয়ে আসেন। এর পরদিন ১৪ জুলাই হাসপাতালের গাইনি ওয়ার্ডে স্টাফ ও নার্সদের উপস্থিতিতে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ডা. লুৎফুন্নাহার লনী বলেন, আমি বাধ্য হয়ে সচিব বরাবর ডা. রেজওয়ানুর আলমের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। স্থানীয় পর্যায়ে তিনি আমার সঙ্গে আপস করার চেষ্টা করেছেন এবং অভিযোগ প্রত্যাহারের অনুরোধ করেছেন। পরে ২২ জুলাই সচিব বরাবর দেওয়া আরেকটি আবেদনে আমি জানিয়েছি, আমার অভিযোগ সঠিক। আমি কোনো আপস করিনি এবং আমার সিদ্ধান্তে অটল আছি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম। তিনি বলেন, ডা. লুৎফুন্নাহার লনী আবাসিক সার্জন পদে যোগদানের পর সপ্তাহে তিন দিন অফিস করেন। বাকি তিন দিন ভোলায় চেম্বার করেন। আমি তাকে নিয়মিত অফিস করার জন্য তাগাদা দিয়েছি। তিনি নিয়মিত অফিস না করায় বাধ্য হয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। এর পরিপ্রেক্ষিতে তিনি আমার বিরুদ্ধে অসত্য, মনগড়া ও ভিত্তিহীন অভিযোগ করেছেন।
তিনি আরও বলেন, অভিযোগ দেওয়ার পর তিনি আবার জানিয়েছিলেন, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল এবং বিষয়টি মিটমাট হয়েছে। পরে আবার আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমি শুনেছি, আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত ১০ দিনের মধ্যে আমি এর জবাব দেব।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ৯:৫২:২৬ ● ৯ বার পঠিত
