বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬
গৌরনদীতে স্কুল ফিডিংয়ের টিফিনের রুটিতে ব্লেড, তদন্ত কমিটি গঠন
হোম » লিড নিউজ » গৌরনদীতে স্কুল ফিডিংয়ের টিফিনের রুটিতে ব্লেড, তদন্ত কমিটি গঠন
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সরবরাহ করা টিফিনের রুটির ভেতর ধারাল ব্লেড পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সেকেন্দারকে আহ্বায়ক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম ঘটনাস্থল ৩৬ নম্বর হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং ঘটনাটি সম্পর্কে খোঁজ নেন।
বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী আলমতাজ টিফিনের রুটি ছিঁড়ে খাওয়ার সময় এর ভেতরে একটি ধারাল ব্লেড দেখতে পায়। পরে বিষয়টি শ্রেণিশিক্ষক শারমিন জাহানকে জানানো হয়। শিক্ষকরা রুটিটি পরীক্ষা করে ব্লেড পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ব্লেডটি খাওয়ার আগে দেখতে পাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় শিক্ষার্থীটি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার বলেন, ‘শিক্ষার্থী আলমতাজ রুটি ছিঁড়ে খাওয়ার সময় এর ভেতরে একটি ধারাল ব্লেড দেখতে পায়। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে জানানো হয়েছে। কীভাবে টিফিনের রুটির ভেতরে ব্লেড গেল, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।’
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অভিভাবকরা সরকারি টিফিনের মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে টিফিন সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং লিমিটেডের গৌরনদী উপজেলার কো-অর্ডিনেটর মো. আরিফুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা ঢাকার কোকা-কোলা কোম্পানিতে অর্ডার দিয়ে রুটি এনে শিক্ষার্থীদের মধ্যে সরবরাহ করি। ওই রুটির ভেতরে ব্লেড পাওয়ার প্রশ্নই আসে না।’
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, ‘টিফিনের রুটির ভেতরে কীভাবে ব্লেড গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে ঠিকাদারসহ সংশ্লিষ্ট কারও গাফিলতি বা দায় প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তদন্ত কমিটিতে টিফিনের গুণগত মান পরীক্ষার জন্য স্যানিটারি চিকিৎসকসহ চিকিৎসকদেরও রাখা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২১:৩০:১৭ ● ২৮ বার পঠিত
