বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬

বরগুনায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের মতবিনিময়

হোম » শিক্ষা » বরগুনায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের মতবিনিময়
বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬


 

বরগুনায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে জেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।

 

সভায় জেলার ছয়টি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২০০ জন প্রধান শিক্ষক অংশ নেন। শিক্ষার সার্বিক উন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার প্রবণতা কমাতে কর্মপরিকল্পনা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

মতবিনিময় সভায় প্রধান শিক্ষকেরা নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ সম্পর্কে মতামত তুলে ধরেন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা ও জেলা কালচারাল কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮:০৩:২৫ ● ২৩ বার পঠিত