বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬
গৌরনদীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়ে প্রস্তুতি সভা
হোম » খেলা » গৌরনদীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়ে প্রস্তুতি সভা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার, চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ, আইএমডি সুন্নি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রব, পালরদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইলিয়াসসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করবেন। একই দিন সারা দেশে একযোগে এ টুর্নামেন্টের কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুযায়ী নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে। এ লক্ষ্যে প্রতিটি প্রতিষ্ঠানে একটি ছাত্র ও একটি ছাত্রী ফুটবল দল গঠন, অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন, আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা আয়োজন এবং খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি বাস্তবায়ন নিয়েও সভায় আলোচনা হয়। আগামী সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে ১০টি ক্রীড়া ইভেন্টে প্রতিযোগিতা শুরু হবে। এতে অংশগ্রহণের জন্য ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইন ও অনস্পট নিবন্ধনে উৎসাহিত করা, শ্রেণিকক্ষ ও নোটিশের মাধ্যমে প্রচারণা চালানো, নোটিশ বোর্ডে নির্দেশনা প্রদর্শন, অনুমোদিত ব্যানার টানানো এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও নিজস্ব ওয়েবসাইটে কর্মসূচির প্রচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
ইউএনও মো. ইব্রাহিম বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং নতুন কুঁড়ি স্পোর্টস- উভয় কর্মসূচিই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি এবং দলগত চেতনা গড়ে তোলার গুরুত্বপূর্ণ উদ্যোগ। উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আন্তরিকতার সঙ্গে প্রস্তুতি নিতে হবে, যাতে গৌরনদীর শিক্ষার্থীরা উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে সাফল্যের সঙ্গে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে।’
সভা শেষে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, ক্রীড়ানুরাগী, শিক্ষানুরাগী ও সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতায় দুটি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮:০০:৫১ ● ১৮ বার পঠিত
