বুধবার ● ২২ জুলাই ২০২৬
পায়রা বন্দরের আবাসিক এলাকায় ফের ধসে পড়ল সীমানা দেয়াল
হোম » পায়রা বন্দর » পায়রা বন্দরের আবাসিক এলাকায় ফের ধসে পড়ল সীমানা দেয়াল

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্রবন্দরের আবাসিক ভবন এলাকার প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের দুটি সীমানা দেয়াল ফের ধসে পড়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় আবাসিক এলাকার উত্তর পাশে ছয়আনি খালের মধ্যে দেয়াল দুটি ধসে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, সীমানা দেয়াল নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই একই এলাকার প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের একটি সীমানা দেয়াল খালের দিকে হেলে পড়ে। একই বছরের ৩০ জুন নির্মাণকাজ শেষ হওয়ার আগে আরও একটি সীমানা দেয়াল ধসে পড়ে এবং তিনটি দেয়াল হেলে যায়।
স্থানীয়দের আশঙ্কা, বর্তমানে প্রায় তিন হাজার ফুট দীর্ঘ গাইড ওয়াল ঝুঁকিতে রয়েছে। তিন বছরের ব্যবধানে ফের সীমানা দেয়াল ধসে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০২৩ সালে এবিএম ওয়াটার কোম্পানি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ১১ কোটি টাকা ব্যয়ে তিন হাজার ফুট দৈর্ঘ্যের সীমানা প্রাচীরটি নির্মাণ করে।
স্থানীয়দের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে নিম্নমানের ও অপরিকল্পিত নির্মাণকাজে অনিয়ম হয়েছে।
পায়রা সমুদ্রবন্দরের উপপরিচালক মো. আজিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি প্রকৌশল বিভাগের সঙ্গে কথা বলেছি। প্রকৌশল বিভাগ জানিয়েছে, বিষয়টি তাদের পর্যবেক্ষণে রয়েছে। ভারী বর্ষণের কারণে দেয়ালের নিচের মাটি সরে গিয়ে এ ঘটনা ঘটেছে। বৃষ্টি থামলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে দ্রুত দেয়ালটি মেরামত করা হবে।’
বাংলাদেশ সময়: ১৬:০৫:৪০ ● ৪১ বার পঠিত
