রবিবার ● ১৯ জুলাই ২০২৬
জন্ম-মৃত্যু নিবন্ধনে বরিশাল বিভাগের সেরা গলাচিপার ইউএনও
হোম » পটুয়াখালী » জন্ম-মৃত্যু নিবন্ধনে বরিশাল বিভাগের সেরা গলাচিপার ইউএনও
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে টানা দ্বিতীয় মাসের মতো বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। মে মাসের ধারাবাহিকতা বজায় রেখে জুন মাসেও তিনি এ স্বীকৃতি অর্জন করেছেন।
রোববার (১৯ জুলাই) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বিভাগের ৬ জেলার ৪২টি উপজেলার মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গলাচিপা উপজেলা প্রথম স্থান অর্জন করেছে। শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধনের অগ্রগতির ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়।
জুন মাসে গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। এর বিপরীতে নিবন্ধন সম্পন্ন হয়েছে ৫১৯টি, যা লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ। একই সময়ে মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি। অর্জিত হয়েছে ২৬৯টি, যা লক্ষ্যমাত্রার ২৩২ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধন মিলিয়ে উপজেলার সার্বিক অর্জনের হার দাঁড়িয়েছে ১৭৭ শতাংশ, যা বরিশাল বিভাগের সর্বোচ্চ।
এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গলাচিপা উপজেলার গাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮:৩১:৪৩ ● ১৯ বার পঠিত
