রবিবার ● ১৯ জুলাই ২০২৬

শাকিব খানের ‘প্রিয়তমা’ নিয়ে এলো বড় সুখবর

হোম » বিনোদন » শাকিব খানের ‘প্রিয়তমা’ নিয়ে এলো বড় সুখবর
রবিবার ● ১৯ জুলাই ২০২৬


‘প্রিয়তমা’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

 

সাগরকন্যা বিনোদন ডেস্ক

 

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘প্রিয়তমা’ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে। একই সঙ্গে ছবিটির প্রযোজক আরশাদ আদনানকে উৎসবটির গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে।

 

আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে উৎসবটির প্রথম আসর অনুষ্ঠিত হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, আমেরিকান বাংলাদেশি প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (এবিপিএ) সহযোগিতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রচলিত নিয়ম অনুসরণ করে আয়োজনটি অনুষ্ঠিত হবে। এতে স্বল্পদৈর্ঘ্য, তথ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য এই তিন বিভাগে বাংলা ভাষার চলচ্চিত্র প্রদর্শন, মূল্যায়ন ও পুরস্কার দেওয়া হবে।

 

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ পরিচালনা করেন হিমেল আশরাফ। মুক্তির পর সিনেমাটি বছরের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্রে পরিণত হয়। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এটি ছিল বাংলাদেশি চলচ্চিত্রে তার অভিষেক।

 

সিনেমাটির ‘ও প্রিয়তমা’ ও ‘ঈশ্বর’ গান দুটি দর্শক শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বিশেষ করে ‘ও প্রিয়তমা’ সাম্প্রতিক সময়ের বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত গানে পরিণত হয়।

 

এদিকে, ‘প্রিয়তমা’র সাফল্যের ধারাবাহিকতায় প্রযোজক আরশাদ আদনানকে ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এর গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের জন্যও একটি ইতিবাচক স্বীকৃতি।

 

উল্লেখ্য, ‘প্রিয়তমা’র পর আরশাদ আদনানের প্রযোজনায় শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমাটিও বাণিজ্যিকভাবে সফল হয়। এবার ‘প্রিয়তমা’র এই আন্তর্জাতিক মনোনয়ন সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ৭:২১:৫৯ ● ৩৩ বার পঠিত