শনিবার ● ১৮ জুলাই ২০২৬
মাদকবিরোধী সচেতনতায় স্বরূপকাঠীতে যুবকদের মাঝে ফুটবল বিতরণ
হোম » পিরোজপুর » মাদকবিরোধী সচেতনতায় স্বরূপকাঠীতে যুবকদের মাঝে ফুটবল বিতরণ
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন। শনিবার (১৮ জুলাই) বিকেলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যুবক ও শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন তিনি। এর আগে গত তিন দিনেও বিভিন্ন ওয়ার্ডে ঘুরে খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
ফুটবল বিতরণকালে কাজী কামাল হোসেন বলেন, তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে তারা মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকবে। একটি মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যেই যুবসমাজকে মাঠমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, শুধু আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর করে মাদক নির্মূল সম্ভব নয়। পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত স্বরূপকাঠী গড়ে তোলা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন স্বরূপকাঠী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিসুর রহমান বাদল, সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম মিজানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এমন উদ্যোগ মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। তাদের আশা, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে যুবসমাজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে।
বাংলাদেশ সময়: ২০:০৭:১৫ ● ১৫ বার পঠিত
