শুক্রবার ● ১৭ জুলাই ২০২৬

সুন্দরবনে বন বিভাগের অভিযান, কাঁকড়া-মাছসহ দুই জেলে আটক

হোম » খুলনা » সুন্দরবনে বন বিভাগের অভিযান, কাঁকড়া-মাছসহ দুই জেলে আটক
শুক্রবার ● ১৭ জুলাই ২০২৬


সুন্দরবনে বন বিভাগের অভিযান, কাঁকড়া-মাছসহ দুই জেলে আটক

 

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণের অভিযোগে অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ কেজি জীবিত কাঁকড়া, ১৫০ কেজি সাদা মাছ, তিনটি নৌকা এবং মাছ-কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

 

শুক্রবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সুন্দরবনের বাটলু নদীর মোহনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক দুই জেলে হলেন খুলনার কয়রা উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের মোজাম ও মাসুম বিল্লাহ।

 

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমানের নির্দেশনায় খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে একই চক্রের আরও কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে গহীন বনের দিকে পালিয়ে যায়।

 

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন হোসেন। পরে আটক দুই জেলেকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

 

তিনি আরও জানান, আদালতের অনুমতি নিয়ে জব্দ করা ৪৫০ কেজি জীবিত কাঁকড়া শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। জব্দ করা মাছ, নৌকা ও অন্যান্য সরঞ্জাম বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৪৪ ● ২২ বার পঠিত