বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
দুমকিতে মোবাইলের দোকানে চুরি, ১৬ লাখ টাকার মালামাল উধাও
হোম » পটুয়াখালী » দুমকিতে মোবাইলের দোকানে চুরি, ১৬ লাখ টাকার মালামাল উধাও

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকি উপজেলার পিরতলা বাজারে একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিকের দাবি, দুর্বৃত্তরা দোকান থেকে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের মোবাইল ফোন ও দামী ঘড়ি চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার পিরতলা বাজারের ভূইয়া এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।
দোকানের কর্মচারী মো. কামরুল জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে তিনি দোকানের তালা খোলা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে শোকেসে রাখা কয়েকটি উচ্চমূল্যের মোবাইল ফোন ও দামী ঘড়ি না পেয়ে দোকান মালিককে বিষয়টি জানান।
দোকানের মালিক মো. মাসুদ ভূইয়া বলেন, খবর পেয়ে দোকানে এসে তিনি দেখতে পান মূল্যবান মোবাইল ফোন ও দামী ঘড়ি চুরি হয়েছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি দুমকি থানায় জানানো হয়। প্রাথমিক হিসাবে প্রায় ১৬ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে তিনি দাবি করেন।
দুমকি থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, এ ঘটনার পর পিরতলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯:৫৬:৪৪ ● ২৯২ বার পঠিত
