বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬

পটুয়াখালীতে নয় দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু

হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে নয় দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬


পটুয়াখালীতে নয় দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব। বৃহস্পতিবার সকালে পৌর শহরের জুবিলী সড়কে ইসকন পরিচালিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে বৈদিক অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। যজ্ঞে বৈদিক মন্ত্রোচ্চারণ, বিভিন্ন দ্রব্যের আহুতি এবং দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এতে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন।

আয়োজকরা জানান, বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার, পৌর প্রশাসক, জেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ রথের দড়ি টেনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে জগন্নাথ দেবের রথ শোভাযাত্রাসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

এবার পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় মোট নয়টি রথে জগন্নাথ দেবের নগর পরিক্রমা অনুষ্ঠিত হবে। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, ভক্তদের দর্শন দিতে জগন্নাথ দেব এ তিথিতে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করেন। সাত দিন পর তিনি নিজ মন্দিরে ফিরে এলে পালিত হয় উল্টো রথযাত্রা।

রথযাত্রা উৎসব উপলক্ষে নয় দিনব্যাপী হরিনাম সংকীর্তন, গীতা পাঠ, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইসকন এবং জেলার বিভিন্ন মন্দির কমিটি।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:০৫ ● ২২ বার পঠিত