বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬

দশমিনায় ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব পালিত

হোম » পটুয়াখালী » দশমিনায় ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব পালিত
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬


দশমিনায় ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব পালিত

 

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দশমিনায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ও ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার নলখোলা সর্বজনীন হরি মন্দির প্রাঙ্গণে পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন, প্রসাদ বিতরণ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।

 

সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সুসজ্জিত রথে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার প্রতিমূর্তি স্থাপন করা হয়। বিকেল সাড়ে ৪টায় মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

রথযাত্রাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্ত-অনুরাগী মন্দির প্রাঙ্গণে সমবেত হন। শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তরা হরিনাম সংকীর্তন, ভজন ও ধর্মীয় সঙ্গীতে অংশ নেন। নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে।

 

উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদ মৃধা, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা সদস্য সচিব সুকান্ত দাস, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম পঞ্চায়েত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার কর্মকার ও সাধারণ সম্পাদক দেবাশীষ মজুমদার রতন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পূজা ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট তপন কুমার দেবনাথ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সামচ্ছুর নাহার খান ডলি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের সভাপতি অসীম কুমার দাস ও সাধারণ সম্পাদক শুভময় রায়, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক এবং উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৮:২৮:৩৫ ● ২৮ বার পঠিত