বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬

অনলাইন সেবা বন্ধ, তবুও গৌরনদী ভূমি অফিসে গণশুনানি অব্যাহত

হোম » বরিশাল » অনলাইন সেবা বন্ধ, তবুও গৌরনদী ভূমি অফিসে গণশুনানি অব্যাহত
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬


অনলাইন সেবা বন্ধ, তবুও গৌরনদী ভূমি অফিসে গণশুনানি অব্যাহত

 

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

অনলাইন সিস্টেমের রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) কাজের কারণে ভূমি সংক্রান্ত অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ থাকলেও বরিশালের গৌরনদী উপজেলা ভূমি অফিসে বৃহস্পতিবার (১৬ জুলাই) “সাপ্তাহিক বৃহস্পতিবার: জনগণের কাছে এসিল্যান্ড জবাব” শীর্ষক গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে। এদিন উপজেলা ভূমি অফিসে ২০০ জনেরও বেশি সেবাপ্রার্থী উপস্থিত হন।

 

গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান, অনলাইন সেবা-সংক্রান্ত কাজের জন্য যাদের আসার কথা ছিল, তাদের এদিন গণশুনানিতে না আসার অনুরোধ জানানো হয়েছিল। তবে উপস্থিত অধিকাংশ সেবাপ্রার্থীর নির্ধারিত শুনানির তারিখ ছিল না।

 

তিনি বলেন, কেউ এসেছেন এসএমএস বার্তা দেখতে না পেরে শুনানি মিস করার বিষয়ে জানতে, কেউ খতিয়ান অনুমোদনের পর তা কীভাবে প্রিন্ট করবেন সে বিষয়ে পরামর্শ নিতে। এছাড়া আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনের ত্রুটি, নামঞ্জুর হওয়া আবেদন এবং আপত্তি সংক্রান্ত বিষয়েও অনেকেই পরামর্শ নিতে উপস্থিত হয়েছেন।

 

সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, মানুষের ভোগান্তি কমানো এবং ভূমি সেবাকে দালালমুক্ত রাখতে কষ্ট হলেও প্রত্যেকের কথা ধৈর্যসহকারে শোনা হচ্ছে।

 তিনি ভূমি অফিসে দালালমুক্ত পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮:২৩:০২ ● ৩৩ বার পঠিত