বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
গৌরনদীতে জুলাই শহীদ দিবসের আলোচনা সভা, স্মৃতি স্তম্ভ ও কৃষ্ণচূড়া রোপণের দাবি
হোম » বরিশাল » গৌরনদীতে জুলাই শহীদ দিবসের আলোচনা সভা, স্মৃতি স্তম্ভ ও কৃষ্ণচূড়া রোপণের দাবি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তাদের আত্মত্যাগের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গৌরনদীতে একটি ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণ এবং ভুরঘাটা থেকে বাটাজোড় মহাসড়কের দুই পাশে কৃষ্ণচূড়া গাছ রোপণের দাবি জানান বক্তারা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস। ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, ত্যাগ ও সংগ্রামের চেতনা যথাযথভাবে তুলে ধরতে হবে।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিবসের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও ইতিহাসচেতনা বিকাশে এ ধরনের কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি সোলায়মান তুহিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বক্তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিক রাষ্ট্র গঠন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬:০৯:৪৭ ● ৩১ বার পঠিত
