বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
ডিজিটাল জরিপের নামে প্রতারণার অভিযোগে দশমিনায় মানববন্ধন ও স্মারকলিপি
হোম » পটুয়াখালী » ডিজিটাল জরিপের নামে প্রতারণার অভিযোগে দশমিনায় মানববন্ধন ও স্মারকলিপি

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় ডিজিটাল জরিপের নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও ভূমি জবরদখলের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।
আয়োজকদের দাবি, উপজেলার রনগোপালদী ইউনিয়নের লোলাইশিং চর-ত্রৈলোক্য মৌজার উত্তরাধিকারসূত্রে, রেকর্ডভুক্ত ও বন্দোবস্তপ্রাপ্ত কৃষকদের জমি নিয়ে প্রতারণা করা হচ্ছে। তাদের অভিযোগ, ডিজিটাল জরিপের সুযোগ নিয়ে জাল কাগজপত্র তৈরি করে প্রকৃত মালিকদের জমি দখলের চেষ্টা এবং অর্থ আত্মসাতের ঘটনা ঘটছে।
মানববন্ধনে দেড় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফকরুজ্জামান বাদল, দশমিনা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রুহুল আমিন মোল্লা এবং ভুক্তভোগী মো. হেমায়েত গাজী ও মো. জায়েদ সিকদার।
বক্তারা বলেন, সরকারিভাবে বন্দোবস্তপ্রাপ্ত ও দলিলভুক্ত জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকলেও একটি চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে প্রকৃত মালিকদের হয়রানি করছে। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. জিয়া তালুকদার বলেন, ‘আমি একটু ব্যস্ত আছি। পরে আপনার সঙ্গে কথা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহামুদ হাসান মৃধা বলেন, ‘স্মারকলিপি পাওয়ার পর রনগোপালদী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ১৫:৩৪:১২ ● ১৩ বার পঠিত
