বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
বরগুনায় জুলাই শহীদ দিবস পালিত
হোম » বরগুনা » বরগুনায় জুলাই শহীদ দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সার্কিট হাউস মাঠের পূর্ব প্রান্তে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভা, নীরবতা পালন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
সকালে বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় পুলিশ সুপার কুদরত-ই-খুদা, সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল আমিন এবং জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে কয়েক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি। এতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অলিউল্লাহ, জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। তার আত্মত্যাগের পর সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে তা গণ-অভ্যুত্থানে রূপ নেয়। সেই আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই শহীদ দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা আয়োজনের নির্দেশনা দেন। পাশাপাশি সব মাদ্রাসায় সুবিধাজনক সময়ে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজনের আহ্বান জানান।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সালেহ ফারুক, বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুল ওয়াসি মতিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মনির হোসেন কামালসহ রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫:২৯:২০ ● ২২ বার পঠিত
