বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
তিন সন্তানকে পাশে নিয়েই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আমির খান
হোম » বিনোদন » তিন সন্তানকে পাশে নিয়েই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আমির খান

সাগরকন্যা বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা আমির খান দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। প্রায় দুই বছরের সম্পর্কের পর রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে সীমিত পরিসরের পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। আমির খানের আগের দুই সংসারের তিন সন্তান- জুনাইদ খান, আইরা খান ও আজাদও এই আয়োজনে অংশ নেন। এছাড়া চলচ্চিত্র পরিচালক আশুতোষ গোয়ারিকর, অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও এলি আবরাম, সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান, রাজনীতিবিদ রাজ ঠাকরে এবং কৌতুকশিল্পী বীর দাসসহ বেশ কয়েকজন পরিচিত মুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিয়ের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নবদম্পতিকে শপথ বিনিময়, নাচ এবং আনন্দঘন মুহূর্ত উদযাপন করতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করেন সাবেক ক্রিকেটার ইরফান পাঠান।
আমির ও গৌরীর পরিচয় বহু বছর আগের হলেও ২০২৪ সালে আবার তাদের যোগাযোগ শুরু হয়। পরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে গণমাধ্যমের সামনে গৌরী স্প্র্যাটকে নিজের জীবনসঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দেন আমির খান।
গৌরী স্প্র্যাট আগে একটি হেয়ার কেয়ার প্রতিষ্ঠানে কাজ করতেন। বর্তমানে তিনি আমির খান প্রোডাকশন্সের সঙ্গে যুক্ত রয়েছেন। বিয়ের আগে তারা দীর্ঘ সময় একসঙ্গে বসবাস করেছেন বলেও ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন তিনি। সেই সংসারে জুনাইদ ও আইরা নামে দুই সন্তান রয়েছে। পরে ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাদের ছেলে আজাদের জন্ম হয় ২০১১ সালে সারোগেসির মাধ্যমে। ২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হলেও সন্তানের দেখভাল এবং পেশাগত কাজের ক্ষেত্রে তাদের সুসম্পর্ক বজায় রয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৫৫:৫৫ ● ২১ বার পঠিত
