বুধবার ● ১৫ জুলাই ২০২৬

পিরোজপুরের ৯৯২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে গাছের চারা রোপণ

হোম » পিরোজপুর » পিরোজপুরের ৯৯২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে গাছের চারা রোপণ
বুধবার ● ১৫ জুলাই ২০২৬


 

পিরোজপুরের ৯৯২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে গাছের চারা রোপণ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলার ৯৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি- মোট তিনটি করে গাছের চারা রোপণ করা হয়েছে।

 

বুধবার (১৫ জুলাই) সকালে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে পিরোজপুর সদর উপজেলার ৪৮ নম্বর দেওনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা রোপণের মাধ্যমে জেলার কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।

 

এ সময় পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেককে অন্তত একটি গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার পাশাপাশি প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া প্রাথমিক শিক্ষা পদক শিক্ষকদের উৎসাহিত করতেও ইতিবাচক ভূমিকা রাখছে।

 

এর আগে জেলা প্রশাসনের আয়োজনে দেওনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঢাকায় অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার উপভোগ করেন উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:৩২ ● ১৪ বার পঠিত