বুধবার ● ১৫ জুলাই ২০২৬

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি

হোম » আবহাওয়া » বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি
বুধবার ● ১৫ জুলাই ২০২৬


 

ছবি সংগৃহীত

সাগরকন্যা ডেস্ক

 

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় এবং অন্যত্রও মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় বিরাজ করছে।

 

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, এই পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহেও একই অঞ্চলে সৃষ্ট একটি লঘুচাপ পরে নিম্নচাপে রূপ নিয়ে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণ হয়েছিল।

 

বুধবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

পরবর্তী কয়েক দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে দফায় দফায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমতে পারে, আর দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের সম্ভাব্য প্রভাব ও মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তাই পরবর্তী আবহাওয়া বুলেটিনের প্রতি নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ৬:৩৪:৪৭ ● ২৬ বার পঠিত